ছবি: সংগৃহীত
পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ (আইমা) রিনিউয়াল সার্টিফিকেটের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বর্তমানে অপেক্ষমাণ হাজারো অভিবাসীর জন্য বড় স্বস্তির খবর। আগে যেসব সার্টিফিকেটের মেয়াদ ১৫ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেগুলো এখন অতিরিক্ত ৬০ দিনের জন্য বৈধ থাকবে।
এ সিদ্ধান্ত মূলত তাদের জন্য প্রযোজ্য, যাদের রেসিডেন্স ডকুমেন্ট ৩০ জুন ২০২৫-এ মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং যারা ইতোমধ্যে রিনিউয়ালের জন্য আবেদন করেছেন। এআইএমএ জানিয়েছে, অনেক আবেদন এখনো প্রক্রিয়াধীন থাকায় এই সময়সীমা বাড়ানো হয়েছে।
নতুন করে ইস্যু করা সার্টিফিকেট ৬০ দিনের জন্য কার্যকর থাকবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি বারবার নবায়ন করা যাবে। সংস্থাটি আরও জানিয়েছে, আবেদনকারীদের সবসময় সার্টিফিকেটের একটি প্রিন্টেড কপি সঙ্গে রাখতে হবে।
যাদের আবেদন ইতোমধ্যে অনুমোদিত হয়েছে, তাদের ক্ষেত্রে এপ্রুভাল সার্টিফিকেট ব্যবহার করতে হবে, যা রেসিডেন্স পারমিটের সমতুল্য বৈধতা বহন করে। এছাড়া, যেসব ডকুমেন্ট ৩০ জুনের পরে মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে রিনিউয়ালের আবেদন করা হয়েছে, সেসব সার্টিফিকেট কিউআর কোডের মাধ্যমে ডাউনলোড করা যাবে।
এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন পর্তুগালে অভিবাসন সংক্রান্ত আবেদনগুলোর জট এখনো পুরোপুরি কাটেনি। ফলে এই অস্থায়ী ব্যবস্থা অনেকের জন্য আইনি অবস্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
