অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা
হজ মৌসুমে সৌদির কড়াকড়ি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ২২:১৯
ছবি: সংগৃহীত
পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব সরকার মক্কা-য় প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে।
সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হওয়া এ নিয়ম অনুযায়ী, বৈধ অনুমতিপত্র ছাড়া কোনো প্রবাসী মক্কায় প্রবেশ করতে পারবেন না।
হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হজের আচার-অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ‘অনুমতিপত্র ছাড়া হজ নয়’ প্রচারণার অংশ হিসেবে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, কেবল যেসব প্রবাসীর কাছে মক্কার আবাসন অনুমতিপত্র (ইকামা), হজের বিশেষ পারমিট অথবা পবিত্র স্থানগুলোতে কাজের জন্য প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট রয়েছে, তারাই মক্কায় প্রবেশ করতে পারবেন। অন্যথায়, প্রবেশপথের নিরাপত্তা চেকপোস্ট থেকেই তাদের ফিরিয়ে দেওয়া হবে।
এছাড়া উমরাহ ভিসায় আগত বিদেশি যাত্রীদের দেশ ত্যাগের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল (১ জিলকদ)। সরকার আরও জানিয়েছে, ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে উমরাহ পারমিট প্রদান স্থগিত থাকবে।
এ সময়ের মধ্যে হজ ভিসা ছাড়া অন্য যেকোনো ভিসাধারীদের জন্যও মক্কায় প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। ডিজিটাল সেবা সহজ করতে ‘আবশির’ ও ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে হজের অনুমতিপত্র সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাইকে এই বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে।
