দেশে এলো বাহরাইনে নি/হ/ত প্রবাসীর মরদেহ: গ্রহণ করলেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ১৭:২৬
বাহরাইনে কর্মরত অবস্থায় নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ বুধবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
বিমানবন্দরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। পরে তিনি নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকারের পক্ষ থেকে গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সৎকার কার্যক্রমের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।
মন্ত্রী আরও বলেন, বিদেশগামী সব কর্মীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর মাধ্যমে নিবন্ধন করতে হবে, যাতে তারা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পারেন।
