https://www.emjanews.com/

15040

politics

প্রকাশিত

১৭ এপ্রিল ২০২৬ ২০:৪৩

রাজনীতি

শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করছে ভারত

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ ২০:৪৩

ছবি: শেখ হাসিনা।

জুলাইয়ের গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে করা আনুষ্ঠানিক আবেদনটি পর্যালোচনা করছে ভারত সরকার।

শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি বর্তমানে ভারতের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, ‘প্রত্যর্পণের অনুরোধটি আমাদের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব এবং পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছি।’

ভারত জানায়, ২০২৫ সালে তারা প্রথমবারের মতো এ ধরনের আবেদন গ্রহণের বিষয়টি স্বীকার করেছে। এরপর থেকে এটি ধাপে ধাপে দেশের আইনগত ও বিচারিক প্রক্রিয়ার মধ্যেই পর্যালোচিত হচ্ছে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কে স্পর্শকাতর হলেও দিল্লি স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার দিকেই অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়েছে।

এদিকে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়াতে উভয় দেশই আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।