সংবাদমাধ্যমের স্বাধীনতা, মিথ্যা প্রচারের লাইসেন্স নয়- জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার
শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রতিবেদন প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ জামায়াতের
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫০
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদন প্রত্যাহার চায় দলটি। প্রতিবেদনে হামাস নেতাদের প্রতি শফিকুর রহমানের কথিত সমর্থন, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের নিয়ে তাঁর বক্তব্য এবং ইরানের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে এক অভিবাসন পরামর্শকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর অস্ট্রেলীয় ভিসা বাতিলের দাবির কথাও প্রকাশ করা হয়।
তবে প্রতিবেদনটিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে জামায়াত। এ বিষয়ে পত্রিকাটির প্রকাশক প্রতিষ্ঠানকে আইনি নোটিশও পাঠিয়েছে দলটি।
বুধবার (২৫ নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এসব তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম অস্ট্রেলীয় পত্রিকাটির প্রকাশক ‘নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেড’কে আনুষ্ঠানিক আইনি নোটিশ (কনসার্নস নোটিশ) পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার ‘ডিফেমেশন অ্যাক্ট ২০০৫ (এনএসডব্লিউ)’ আইনের ১২এ ধারায় এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে প্রতিবেদনের সাতটি বক্তব্য ও ইঙ্গিতকে মানহানিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রতিবেদন সংশোধন ও প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
দ্য অস্ট্রেলিয়ানের প্রতিবেদনে যা বলা হয়েছে
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়, পাঁচ দিনের সফরে শুক্রবার সিডনিতে পৌঁছান শফিকুর রহমান। তাঁর অস্ট্রেলিয়া সফরের সময় দেশটির অভিবাসনবিষয়ক পরামর্শক রেমন্ড সলোমন একটি আবেদন করে তাঁর ভিসা বাতিলের আহ্বান জানান।
প্রতিবেদনে শফিকুর রহমানের বিরুদ্ধে গাজার সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক ও শহীদ’ হিসেবে প্রশংসা করার অভিযোগ তোলা হয়। এ ছাড়া হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর তাঁকে শহীদ হিসেবে কবুল করার প্রার্থনা করেছিলেন বলেও উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেছিলেন শফিকুর রহমান। পাশাপাশি ২০২৬ সালের সাধারণ নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী দেয়নি এবং ইরানের সঙ্গে শফিকুর রহমানের সম্পর্ক ও কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন রেমন্ড সলোমন।
অভিযোগগুলো অস্বীকার জামায়াতের
দ্য অস্ট্রেলিয়ানের এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতি। শফিকুর রহমান জাতি ও ধর্মনির্বিশেষে বেসামরিক মানুষের ওপর যেকোনো হামলার বিরোধী।
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ‘শহীদ’ আখ্যা দেওয়ার অভিযোগের বিষয়ে দলটির দাবি, সংশ্লিষ্ট পোস্টটি শফিকুর রহমান নিজে দেননি। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে পোস্টটি প্রকাশ করা হয়েছিল। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রমাণ জমা দেওয়া হয়েছে এবং ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
জামায়াতের আরও অভিযোগ, প্রতিবেদন প্রকাশের আগে দলটির কারও সঙ্গে যোগাযোগ করেনি পত্রিকাটি। অথচ প্রতিবেদনে বলা হয়েছে, শফিকুর রহমানের কাছে মন্তব্য চাওয়া হলেও তিনি সাড়া দেননি। মিয়া গোলাম পরওয়ারের দাবি, এটি সাংবাদিকতার মৌলিক নীতির লঙ্ঘন।
এ ছাড়া রেমন্ড সলোমনের আবেদনের বিষয়টি প্রতিবেদনে গুরুত্ব পেলেও তিনি শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে নির্মিত ‘বাবা’ চলচ্চিত্রের রচয়িতা ও পরিচালক-এই পরিচয় উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করেছে জামায়াত।
জামায়াতের ভাষ্য, সংসদ অনুমোদিত সরকারি সফরের দিনই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে মনে করে দলটি।
উল্লেখ্য, চার দিনের অস্ট্রেলিয়া সফর শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশে ফেরার উদ্দেশে সিডনি ছাড়েন শফিকুর রহমান। জরুরি প্রয়োজনের কথা জানিয়ে তিনি তাঁর নির্ধারিত মালয়েশিয়া সফর বাতিল করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। প্রতিবেদন প্রত্যাহার করে শফিকুর রহমানের বক্তব্য ও সংশোধনী প্রকাশের পাশাপাশি ক্ষমা না চাইলে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।
