সিলেটে ৩২ ঘন্টায় ১০৮ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ৭৩ যানবাহন। শনিবার ২৪ ঘন্টায় এবং আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে সিলেট নগরীর বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।
এরমধ্যে শনিবার (২৫ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও ট্রাফিক পুলিশ বিভিন্ন অভিযানে অংশ নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান উদ্ধার, বিনা পরোয়ানা ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃতসহ সর্বমোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আর ট্রাফিক বিভাগের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ৭৩টি যানবাহন আটক করা হয়েছে। মামলা প্রদানকৃত যানবাহনের মধ্যে রয়েছে বাস ১টি, ট্রাক ১টি, প্রাইভেটকার ২টি, সিএনজি ৭টি, মোটরসাইকেল ৩১টি এবং অন্যান্য যানবাহন ৪টি। আটককৃত যানবাহনের মধ্যে প্রাইভেটকার ১টি, সিএনজি ২৫টি, মোটরসাইকেল ৩৯টি ও অন্যান্য যানবাহন ৮টি।
অপরদিকে, আজ রেবাবার (২৬ এপ্রিল) সকাল ৮ পর্যন্ত অভিযানে বিভিন্ন থানা ও ডিবি পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদকসেবী ও ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, মেট্রো অধ্যাদেশ, সন্দেহজনক ব্যক্তি ও হকারসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদকসেবী ও ব্যবসায়ী ১৯ জন, সন্দেহজনক ১৪ জন এবং হকার ২ জন। অভিযানকালে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
