https://www.emjanews.com/

15257

weather

প্রকাশিত

২৬ এপ্রিল ২০২৬ ২০:১৬

আবহাওয়া

সিলেটে অতি ভারী বর্ষণের আভাস

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ ২০:১৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সিলেট বিভাগে ঝড়-বৃষ্টি ও অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে।

রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, প্রথম ও দ্বিতীয় দিন (২৬ ও ২৭ এপ্রিল) সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

তৃতীয় দিন (২৮ এপ্রিল) বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে।

চতুর্থ ও পঞ্চম দিন (২৯ ও ৩০ এপ্রিল) বৃষ্টির তীব্রতা ও বিস্তৃতি আরও বাড়বে। এ সময় সিলেটসহ দেশের কয়েকটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দেশের কিছু এলাকায় মৃদু তাপদাহ বিরাজ করছে। তবে বৃষ্টিপাতের কারণে তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

টানা ভারী বৃষ্টির কারণে সিলেটের নিচু এলাকায় জলাবদ্ধতা বা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। স্থানীয়দের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।