https://www.emjanews.com/

15341

sylhet

প্রকাশিত

৩০ এপ্রিল ২০২৬ ১৯:৩৪

আপডেট

৩০ এপ্রিল ২০২৬ ১৯:৩৫

সিলেট

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে সিলেটবাসীর প্রত্যাশা

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ ১৯:৩৪

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার সিলেট সফরে আসছেন। তাঁর এ সফরকে ঘিরে সিলেটজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সফরকে কেন্দ্র করে সিলেটবাসী বিভিন্ন উন্নয়ন প্রত্যাশার কথা সামনে এনেছেন। এর মধ্যে অন্যতম হলো সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকা-সিলেট মহাসড়কের চলমান কাজ দ্রুত সমাপ্ত করা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, এখন প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন সিলেটবাসী।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে পৌঁছে তিনি প্রথমে সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস-সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে যোগ দেবেন।

এছাড়া বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

একই দিন বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় অংশ নিয়ে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নগরীর বিভিন্ন সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। সড়কদ্বীপে নতুন গাছ লাগানো, গুরুত্বপূর্ণ স্থানে ফেস্টুন টানানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন সংগঠন উন্নয়নসংক্রান্ত দাবিদাওয়া সামনে আনছে। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের কাছে ২৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে সিলেট বিভাগ গণদাবি ফোরাম।

সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে- সিলেটকে ‘আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী’ ঘোষণা, বিভাগকে পর্যটন অঞ্চল হিসেবে গেজেট প্রকাশ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথ আধুনিকায়ন এবং সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ।

এছাড়া সিলেটে প্রকৌশল ও পর্যটন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপন, নদ-নদী ও খাল খনন, তেল সংরক্ষণাগার স্থাপন এবং বিরতিহীন আধুনিক ট্রেন চালুর দাবিও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর। সফরকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সফর সফল করতে দল ও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মহানগর বিএনপি নগরে স্বাগত মিছিল করেছে। এছাড়া স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনও পৃথক মিছিল করেছে।

মিছিল শেষে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। তাঁর উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সিলেটসহ পুরো দেশ এগিয়ে যাবে বলে সবার প্রত্যাশা।