https://www.emjanews.com/

15345

sports

প্রকাশিত

৩০ এপ্রিল ২০২৬ ২০:৩১

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলে ফিরছে আফগানিস্তান নারী দল

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ ২০:৩১

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বড় একটি সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিশ্বকাপসহ ফিফা আয়োজিত যেকোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে আফগানিস্তানের নারী ফুটবল দল।

এতদিন ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে খেললেও এখন থেকে আফগানিস্তানের নামেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মাঠে নামতে পারবেন দেশটির নারী ফুটবলাররা।

২০১৮ সালে সর্বশেষ কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আফগানিস্তানের নারী ফুটবল দল। তবে ২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে নারী ফুটবল কার্যক্রম বিলুপ্ত করা হয় এবং নারীদের ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়।

এরপর দেশটির অধিকাংশ নারী ফুটবলার বিদেশে আশ্রয় নেন। বর্তমানে তাদের বেশিরভাগই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সেখানকার বিভিন্ন ক্লাবে খেলছেন।

অস্ট্রেলিয়াপ্রবাসী আফগান নারী ফুটবলার নাজিয়া আলি বলেন, ‘গত কয়েক বছরে আমরা বিভিন্ন নামে ফুটবল খেলেছি। কখনও উদ্বাস্তুদের দল, কখনও আফগানি উইমেন ইউনাইটেড, আবার কখনও অন্য ক্লাবে। কিন্তু মনেপ্রাণে আমরা এখনও আফগানিস্তানের নারী দলের ফুটবলার। অবশেষে আবার দেশের পতাকা গায়ে জড়াতে পারব। এর চেয়ে আনন্দের আর কিছু নেই।’

গত মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ আর নেই আফগান নারী দলের। তবে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ রয়েছে তাদের সামনে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘আফগান উইমেন ইউনাইটেড নামে আফগানিস্তানের নারী ফুটবলাররা যে সুন্দর যাত্রা শুরু করেছিলেন, সেটিকে আরও এগিয়ে নিতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। এখন তারা নিজেদের দেশের প্রতিনিধিত্ব করে ফিফা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।’

ফিফার এ সিদ্ধান্তকে নারী ক্রীড়াবিদদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ প্রতিকূলতার পর আবারও আন্তর্জাতিক মঞ্চে আফগানিস্তানের নারী ফুটবলারদের প্রত্যাবর্তনের পথ খুলে গেল।