https://www.emjanews.com/

15331

economics

প্রকাশিত

২৯ এপ্রিল ২০২৬ ২২:৩৩

অর্থনীতি

বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ ২২:৩৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বড় অঙ্কের বিমান ক্রয় চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

চুক্তি সই অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক ও বিমান চলাচল খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

বিমানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা স্বাক্ষর করবেন বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, প্রস্তাবিত এই চুক্তির আওতায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৭ হাজার কোটি টাকা) ব্যয়ে মোট ১৪টি উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে থাকবে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণ, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং বহর আধুনিকায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ দূরত্বের রুটে এবং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে ব্যবহার করা হবে।

বিমানের ইতিহাসে এটিকে অন্যতম বৃহৎ বহর সম্প্রসারণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘ প্রায় তিন বছর ধরে বোয়িং ও ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত বোয়িংই এই বড় অর্ডারটি ধরে রাখতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এই চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির নতুন অধ্যায় শুরু হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।