ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা-র পুনঃবিক্রয় (রিসেল) সাইটে ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় চারটি টিকিটের মোট মূল্য দাঁড়ায় প্রায় ২৮ কোটি ২২ লাখ টাকা।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। উল্লেখিত টিকিটগুলো স্টেডিয়ামের ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকের ৩৩ থেকে ৩৬ নম্বর আসনের জন্য নির্ধারিত।
ফিফা মূল টিকিটের দাম নিয়ন্ত্রণ করলেও রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে টিকিটের মূল্য নির্ধারণে সরাসরি নিয়ন্ত্রণ রাখতে পারে না। তবে প্রতিটি টিকিট বিক্রিতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ করে ফি আদায় করে সংস্থাটি। ফলে এসব উচ্চমূল্যের টিকিট বিক্রি হলে বড় অঙ্কের অর্থ ফিফার কাছেও যাবে।
এদিকে আনুষ্ঠানিক টিকিটের দামও কম নয়। জানা গেছে, ২০২২ সালের তুলনায় অন্তত চারগুণ বেশি দামে টিকিট কিনতে হতে পারে। ফাইনাল ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকার সমান।
বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে টিকিটের চাহিদা ও সীমিত সরবরাহের কারণে রিসেল মার্কেটে এমন উচ্চমূল্য নতুন নয়। তবে এবারের দাম রীতিমতো রেকর্ড ছুঁয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
