https://www.emjanews.com/

15423

sylhet

প্রকাশিত

০৩ মে ২০২৬ ২১:৪৯

সিলেট

হবিগঞ্জের হাওরে পানির নিচে ধান, জীবন-মরণ লড়াই কৃষকের

প্রকাশ: ০৩ মে ২০২৬ ২১:৪৯

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে আকস্মিক বন্যায় বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো কৃষক। ডুবে থাকা জমি থেকে কোনোভাবে পরিবারের খাবারের ধানটুকু ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা করছেন তারা।

বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের সিংগের বিল হাওরের কৃষক রমজান আলী (৫৫) হতাশা ও কষ্টের কথা জানিয়ে বলেন, ডুবে থাকা জমি থেকে যদি কোনোভাবে ঘরের খাবারের জন্য কিছু ধান তুলতে পারেন, তাতেই তিনি খুশি।

টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢল এবং সুরমা–কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে হবিগঞ্জের ছয় উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল তলিয়ে গেছে।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ৪৫ শতাংশ বোরো জমি এখন পানির নিচে। এতে ১০ থেকে ১২ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২০ হাজার কৃষক সরাসরি ক্ষতির মুখে পড়েছেন।

হাওরজুড়ে এখন শুধু পানি আর পানি। কোথাও ভেসে আছে ধানের শিষ, কোথাও আবার পুরো ক্ষেত ডুবে গিয়ে শুধু মাথা দেখা যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে কৃষকেরা ডিঙিনৌকায় বা কোমরসমান পানিতে নেমে ধান কাটছেন।

শতমুখা গ্রামের কৃষক শামছু মিয়া বলেন, ‘আগে কখনো এমন পরিস্থিতিতে ধান কাটতে হয়নি, এখন জমিও চোখে দেখা যায় না, আন্দাজে কাটতে হচ্ছে।’

সাইদুল হক নামের আরেক কৃষক জানান, পানি আরও কিছুদিন পরে আসলে অন্তত ঘরের খাবারের ধানটা ঘরে তোলা যেত, কিন্তু এবার তা সম্ভব হচ্ছে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে হবিগঞ্জে ১ লাখ ২৩ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হলেও আকস্মিক পানিবৃদ্ধিতে বড় অংশের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও তৈরি করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি না কমলে এ বছরের হাওরের ফসল উৎপাদনে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে।