ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের যাদুকাটা সীমান্ত নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাঁচটি স্লাব ধসে পড়েছে। দীর্ঘ আট বছরেও সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ার মধ্যেই এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
রোববার (১৭ মে) রাতে সেতুর নির্মীয়মাণ অংশে এ ধসের ঘটনা ঘটে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে ৭৫০ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৮৯ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির দায়িত্ব পায় তমা কনস্ট্রাকশন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালেও সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়নি।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণেই সেতুর পাঁচটি স্লাব ধসে পড়েছে। তাদের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুসরণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের ভাষ্য, রড, সিমেন্ট, বালু ও পাথরের সঠিক অনুপাত বজায় না রেখেই কাজ করা হয়েছে। ফলে নির্মীয়মাণ অংশ দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পাঁচটি স্লাব ভেঙে যায়।
এছাড়া এলজিইডির তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, যথাযথ নজরদারির অভাবে প্রকল্পের বিভিন্ন অংশে নিম্নমানের কাজ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুটিতে মোট ৭৫টি গার্ডার নির্মাণের কথা থাকলেও এখন পর্যন্ত ৫৯টি নির্মিত হয়েছে। ১৫টি স্প্যানের মধ্যে ১১টির কাজ সম্পন্ন হয়েছে। আর ১৫টি স্লাবের মধ্যে পাঁচটি ধসে পড়েছে।
এদিকে প্রকল্পের মোট বরাদ্দকৃত অর্থের মধ্যে প্রায় ৬৮ কোটি টাকা ইতোমধ্যে উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে।
