ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের পানিতে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এ ঘটনা দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে হাওরপাড়ে উৎসুক জনতার ভিড় জমে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের টগার হাওরে বোরো ধান কাটা শেষ হওয়ার পর পুরো হাওর পানিতে তলিয়ে যায়। এ সময় হাওরের মধ্যে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে হঠাৎ উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা রকি মিয়া বলেন, “হাওরের মাঝখান থেকে হঠাৎ দ্রুত গতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে থাকে। বিষয়টি দেখতে আমরা এখানে ভিড় করেছি।”
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক জানান, ওই এলাকায় আগে থেকেই গ্যাসের খনির উপস্থিতির কথা স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে। তিনি বলেন, “আজ দুপুরে রায়পুরের হাওরের ডুবন্ত নলকূপ থেকে গ্যাস বের হয়ে উপরে উঠতে দেখা গেছে। খবর পেয়ে আমি নিজেও ঘটনাস্থলে এসেছি। তবে আপাতত এটি বন্ধ হয়ে গেছে।”
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, ‘হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হওয়ার বিষয়ে অনেকেই আমাকে জানিয়েছেন। তবে এটি গ্যাস নাকি অন্য কোনো উপাদান, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে।’
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা অব্যাহত রয়েছে।
