প্রতিদ্বন্দ্বিতাহীন বিসিবি নির্বাচন, বিনা ভোটে নির্বাচিত ৮ পরিচালক
প্রকাশ: ২৫ মে ২০২৬ ১৯:৩৩
ছবি: সংগৃহীত
আগামী ৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড- এর নির্বাচন। তবে দিন যত ঘনিয়ে আসছে, নির্বাচন ততই প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে উঠছে। ইতোমধ্যে তিন প্রার্থী সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
এখন প্রতিদ্বন্দ্বিতা হবে শুধু ক্যাটাগরি-১–এর খুলনা ও বরিশাল বিভাগে এবং ঢাকার ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ।
গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ সদস্যের। এর মধ্যে ২৩ জন নির্বাচিত হন এবং বাকি দুইজন মনোনীত করেন জাতীয় ক্রিড়া পরিষদ। পরে ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হন বিসিবির সভাপতি।
প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান। এর মধ্যে শরীফুল ইসলাম ক্যাটাগরি-১ এবং বাকি দুজন ক্যাটাগরি-২ থেকে নির্বাচন করছিলেন।
চট্টগ্রাম বিভাগ থেকে দুইজন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। শরীফুল ইসলামের প্রার্থিতা প্রত্যাহারের ফলে জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন ও মঈন উদ্দিন চৌধুরীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হয়েছে। মিনহাজুল আবেদীন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং মঈন উদ্দিন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
ক্যাটাগরি-১ থেকে এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগের আবদুল কাইয়ুম চৌধুরী, ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগের মির্জা ফয়সল আমীন।
ক্যাটাগরি-১ থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা। এর মধ্যে সাতজন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি তিনটি পদে ভোট হবে খুলনা ও বরিশাল বিভাগে।
খুলনা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার শফিকুল আলম, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার মো. আবদুছ ছালাম।
অন্যদিকে বরিশাল বিভাগের একটি পদের জন্য লড়ছেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার মো. মিজানুর রহমান এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার মো. মুনতাসির আলম চৌধুরী।
ঢাকার ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ ১২টি পরিচালক পদের জন্য শুরুতে প্রার্থী ছিলেন ১৮ জন। তবে দুইজন প্রার্থিতা প্রত্যাহার করায় এখন প্রতিদ্বন্দ্বী রয়েছেন ১৬ জন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
