https://www.emjanews.com/

16263

sylhet

প্রকাশিত

১০ জুন ২০২৬ ১৪:১০

সিলেট

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির চালক-যাত্রী নি/হত

প্রকাশ: ১০ জুন ২০২৬ ১৪:১০

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জ জেলার, মাধবপুর উপজেলার, নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া (৪০) এবং একই জেলার, একই উপজেলার রতনপুর গ্রামের মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)। আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী একটি ডাম্পট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠতে গিয়ে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক আক্কাস মিয়া ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুনের মৃত্যু হয়। পরে আহত অন্য দুইজনকে উন্নত চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিটি উদ্ধার করে হেফাজতে নেয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।