সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে সাত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশি বিভিন্ন সময়ে গোয়াইনঘাটের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরবর্তীতে ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে দীর্ঘ সময় সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।
ফেরত আসাদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার নইগাঙ এলাকার মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকের বাজার এলাকার মানিক আহমেদ, চানপুর এলাকার মো. সুহেল আহমেদ, বনগাঁও এলাকার মো. আল আমিন, শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাদশাহ মিয়া এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার রেস্টলি ব্লাহ।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক মো. বজলুর রশিদ বলেন, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে সাত বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।
