এক ম্যাচ খেলেই ৩ ম্যাচ নিষিদ্ধ জোয়ানে, বড় ধাক্কায় দক্ষিণ আফ্রিকা
মেক্সিকোর বিপক্ষে লাল কার্ডের শাস্তি; গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না এই ডিফেন্ডার
প্রকাশ: ১৮ জুন ২০২৬ ২০:৩০
ছবি: সংগৃহীত
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেই বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। দলের গুরুত্বপূর্ণ ফুটবলার থেম্বা জোয়ানে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে তাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা, যা দলের জন্য বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ৮৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন জোয়ানে। হিংসাত্মক আক্রমণের অভিযোগে তাকে মাঠ ছাড়তে হয়। পরে বিষয়টি পর্যালোচনা করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার এক বিবৃতিতে বলা হয়, ফিফার শৃঙ্খলাজনিত কমিটি থেম্বা জোয়ানেকে ফিফার ডিসিপ্লিনারি কোডের ১৪ নম্বর অনুচ্ছেদের ১(ই) ধারা অনুযায়ী তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার আপিল কমিটিতে আবেদন করার সুযোগ থাকবে তার।
উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের রেফারি উইলটন সাম্পাই মোট তিনটি লাল কার্ড দেখান। এর মধ্যে মেক্সিকোর একজন এবং দক্ষিণ আফ্রিকার দুইজন ফুটবলার লাল কার্ড দেখেন।
তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে জোয়ানে দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ—চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে—খেলতে পারবেন না। এছাড়া দক্ষিণ আফ্রিকা নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এ উঠতে পারলে সেই ম্যাচেও তাকে পাওয়া যাবে না।
বিশ্বকাপের শুরুতেই এমন শাস্তি দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে দুর্বল করে দিতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
