ছবি: সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর ভূমিহীন গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শেরপুর ভূমিহীন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের বাসিন্দা ছল্লুক মিয়ার ছেলে আশিক মিয়ার সঙ্গে তার স্ত্রী রিপন আক্তারের (৩৫) দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে রবিবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই রিপন আক্তারের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রীকে হত্যার পর আশিক মিয়া আত্মহত্যার চেষ্টা চালান। তবে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে আটক করে এবং নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে এসআই কৌশিক ও এসআই আসিবের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে আটক আশিক মিয়াকে থানায় নিয়ে যাওয়া হয়।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
