https://www.emjanews.com/

16564

entertainment

প্রকাশিত

২১ জুন ২০২৬ ২২:১৬

বিনোদন

গৌরীর সঙ্গে নতুন জীবনে পা রাখছেন আমির

প্রকাশ: ২১ জুন ২০২৬ ২২:১৬

ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে বিয়েতে থাকবে না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন বা তারকাদের ভিড়। একেবারে ঘরোয়া ও ব্যক্তিগত পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, তাদের বিয়ে হবে নিবন্ধিত (রেজিস্ট্রি) বিয়ে। অনুষ্ঠানটি হবে তার নিজের বাড়িতে। সেখানে উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।

আমির বলেন, ‘আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চাই। তাই বাড়িতেই ছোট পরিসরে রেজিস্ট্রি বিয়ে হবে।’

গত বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তিনি তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন।

পরে এক সাক্ষাৎকারে আমির জানান, তারা এখন সম্পর্ককে বিয়ের মাধ্যমে নতুন ধাপে নিয়ে যেতে প্রস্তুত। তার ভাষায়, ‘আমরা একে অপরের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আমার হৃদয়ে আমি অনেক আগেই তাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি।’

গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুভিত্তিক একজন পেশাজীবী। তিনি সৌন্দর্যচর্চা, সুস্থ জীবনযাপন ও জীবনধারাভিত্তিক খাতের সঙ্গে যুক্ত। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি।

এর আগে গৌরীর একটি বিয়ে হয়েছিল। সেই সংসারে তার একটি ছেলে রয়েছে। আমির ও গৌরীর পরিচয় বহু বছরের পুরোনো হলেও তাদের ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয় ২০২৪ সালে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক বছরের বেশি সময় ধরে তারা একসঙ্গে বসবাস করছেন।

গৌরী স্প্র্যাটের সঙ্গে এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। তাদের দুই সন্তান—জুনাইদ খান ও ইরা খান।

পরবর্তীতে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। তাদের ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও কিরণ রাও ও আমির খান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং সন্তানের দায়িত্ব যৌথভাবে পালন করছেন।

বিয়ের প্রস্তুতির কারণে আপাতত কাজ থেকে কিছুটা দূরে রয়েছেন আমির খান। তবে শিগগিরই তিনি পরিচালক রাজকুমার হিরানির আলোচিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সম্ভাব্য দ্বিতীয় পর্বে ফিরতে পারেন বলে জানিয়েছেন।

যদিও সিনেমাটির গল্প বা অন্যান্য বিষয় নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি আমির।