https://www.emjanews.com/

16566

national

প্রকাশিত

২১ জুন ২০২৬ ২৩:০৩

জাতীয়

কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা ও ভাঙচুর, ট্রেন চলাচল সাময়িক বন্ধ

প্রকাশ: ২১ জুন ২০২৬ ২৩:০৩

ছবি: স্বপন কুমার সিং।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনরত স্টেশন মাস্টারের ওপর হামলা ও রেলওয়ের সরকারি মালামাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রবিবার (২১ জুন) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে উপকূল এক্সপ্রেস ট্রেন কসবা স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। এতে ওই রুটে প্রায় ৩৪ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।

জানা যায়, স্টেশনে দায়িত্ব পালনরত স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলামের ওপর সুমন মিয়া (৩০) নামের এক যুবক ক্ষিপ্ত হয়ে হামলা চালান। অভিযোগ অনুযায়ী, টিকিট সংক্রান্ত একটি বিষয় নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

সুমন মিয়া দাবি করেন, টিকিট না থাকায় তার কাছ থেকে ১০০ টাকা জরিমানা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে তিনি স্টেশন মাস্টারের কাছে কৈফিয়ত চান। তবে স্টেশন মাস্টার তাকে জানান, টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব ট্রেনের টিটিই ও রেলওয়ে পুলিশের, স্টেশন মাস্টারের নয়। এ কথার পরই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এক পর্যায়ে অভিযুক্ত সুমন মিয়া স্টেশন মাস্টারের কক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন এবং স্টেশনের বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাঙচুর করেন। ভাঙচুরে স্টেশনের অ্যানাউন্সমেন্ট মাইক, কম্পিউটার, মাউস, টেলিফোন, ওয়াকিটকি এবং অন্যান্য অফিস সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। এতে স্টেশনে সাময়িকভাবে সেবা কার্যক্রম ব্যাহত হয়।

পরে স্থানীয়রা ও রেলওয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। হামলার অভিযোগে সুমন মিয়াকে আটক করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস আলাপকালে জানান, ঘটনার পর আটক যুবকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৩২ ধারায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে একই দিন বিকেল ৫টায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

হামলার ঘটনায় আহত স্টেশন মাস্টার প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাসায় আছেন।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।