সিলেটে ৪৮ ঘণ্টার অতি ভারী বৃষ্টির আভাস
নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
প্রকাশ: ২১ জুন ২০২৬ ২১:৪৯
ছবি: সংগৃহীত
সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সিলেট অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২১ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ভারী বৃষ্টির পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। একই পূর্বাভাসে রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকাতেও ভারী বর্ষণের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন, রাত ১টার মধ্যে সিলেট অঞ্চলসহ দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ কারণে সিলেটসহ সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, টানা ভারী বর্ষণের ফলে সিলেট বিভাগের নিচু এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি ঢলের ঝুঁকি বাড়তে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
