কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে, ফলে সিলেটমুখী ট্রেনগুলো নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, রাজাপুর স্টেশনে পৌঁছানোর পর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি আপ লাইনের ওপর আটকে পড়ে এবং ওই লাইনে চলাচলকারী অন্যান্য ট্রেনের গতিও কিছুটা ব্যাহত হয়।
রাজাপুর স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ লুৎফুর রহমান মোল্লা বলেন, স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। বিষয়টি রেলওয়ের কারিগরি বিভাগকে জানানো হয়েছে। দ্রুত মেরামত অথবা বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, আপ লাইনে চট্টগ্রাম ও সিলেটমুখী ট্রেন চলাচলে সাময়িক প্রভাব পড়তে পারে। তবে লুপ লাইন ব্যবহার করে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। এদিকে কর্ণফুলী এক্সপ্রেস লাকসাম স্টেশন থেকে ছেড়ে এসেছে, প্রয়োজন হলে ট্রেনটিকে কুমিল্লা বা নিকটবর্তী কোনো স্টেশনে অপেক্ষা করতে হতে পারে।
