https://www.emjanews.com/

16647

sylhet

প্রকাশিত

২৫ জুন ২০২৬ ১১:৪৫

সিলেট

সিলেট সীমান্তে এক বাংলাদেশীর লা/শ

প্রকাশ: ২৫ জুন ২০২৬ ১১:৪৫

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতে গিয়ে লাকড়ি ও কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যা ছয়টার দিকে সীমান্তের প্রায় ১০০ গজ ভেতরে নদীর পানিতে পাথরের ফাঁকে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।

নিহত ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার দমদমীয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার মৃত সোকরিয়া কন্দ দানীর ছেলে মিক কন্দ দানী (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা এলাকায় বসবাসের কারণে তিনি প্রায়ই ভারতের অভ্যন্তরে গিয়ে লাকড়ি সংগ্রহ ও খাসিয়াদের বাগানে শ্রমিকের কাজ করতেন। স্থানীয়রা জানান, অনেক সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায়ও থাকতেন। বুধবার বেলা ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল আনতে সীমান্ত পেরিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তার ভাই নিখিল কন্দ খোঁজ শুরু করেন।

একপর্যায়ে সীমান্তের ১২৬০ নম্বর পিলারসংলগ্ন পাহাড়ি তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। সীমান্তের কাছাকাছি বাড়ি হওয়ায় তিনি প্রায়ই ওপারে যেতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি জানার পর কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।