https://www.emjanews.com/

16634

jobs

প্রকাশিত

২৪ জুন ২০২৬ ২০:৩৮

চাকুরী

শিক্ষকতা ছেড়ে প্রশাসনে যেতে চান ৩৫৫ শিক্ষা ক্যাডার

প্রকাশ: ২৪ জুন ২০২৬ ২০:৩৮

ছবি: সংগৃহীত

শিক্ষা ক্যাডারের ৩৫৫ জন কর্মকর্তা শিক্ষকতা পেশা ছেড়ে প্রশাসন ক্যাডারে উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনের পর এ আবেদন জমা দেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে শিক্ষা ক্যাডারের নির্দিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের প্রশাসন ক্যাডারে পদোন্নতির সুযোগ সৃষ্টি হওয়ায় আগ্রহী কর্মকর্তারা আবেদন করেন। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত মোট ৩৫৫ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন জমা দিয়েছেন।

আবেদনকারীদের মধ্যে বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

এ ছাড়া শিক্ষা খাতের উন্নয়ন, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও সংস্থায় দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের একটি বড় অংশও উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন করেছেন।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা ক্যাডারের অনেক কর্মকর্তা দীর্ঘদিন ধরে প্রশাসনিক দায়িত্ব পালন করলেও তাদের পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতির সুযোগ নিয়ে নানা আলোচনা ছিল। নতুন এ সুযোগকে অনেকেই পেশাগত উন্নয়ন ও উচ্চতর দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।

তবে শিক্ষা ক্যাডার থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তার প্রশাসন ক্যাডারে যাওয়ার আগ্রহ শিক্ষা প্রশাসন ও উচ্চশিক্ষা খাতের জনবল ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, বিপুলসংখ্যক কর্মকর্তা প্রশাসন ক্যাডারে চলে গেলে শিক্ষা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ জনবলের সংকট তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবেদনগুলো যাচাই-বাছাই শেষে বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা ক্যাডারের বিপুলসংখ্যক কর্মকর্তার প্রশাসন ক্যাডারে যোগদানের আগ্রহ সরকারি চাকরিতে পদোন্নতি, মর্যাদা এবং ক্যারিয়ার কাঠামো নিয়ে নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।