https://www.emjanews.com/

16718

national

প্রকাশিত

২৭ জুন ২০২৬ ২১:৩৯

জাতীয়

পরিচয় নিশ্চিত করতে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

প্রকাশ: ২৭ জুন ২০২৬ ২১:৩৯

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আইন ও বিধিমালায় নবায়নের বিধান থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে পরিচয় যাচাই আরও নির্ভুল করতে বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র।

ইসি কর্মকর্তাদের মতে, ১৫ বছরের দীর্ঘ সময়ে একজন ব্যক্তির চেহারা, শারীরিক বৈশিষ্ট্য এবং বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। বয়সজনিত কারণে আঙুলের ছাপের মান কমে যাওয়া, অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন বা অন্যান্য শারীরিক পরিবর্তনের কারণে পরিচয় শনাক্তে জটিলতা সৃষ্টি হতে পারে। এসব কারণেই এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনের ধারা ২-এ বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধের মাধ্যমে কমিশনের কাছে নবায়নের আবেদন করতে হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র বিধিমালা অনুযায়ী, এনআইডি নবায়নের জন্য নাগরিক বা তার আইনানুগ অভিভাবককে ফরম-৫ পূরণ করে সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমার সময় নির্ধারিত ফি পরিশোধের রসিদ সংযুক্ত করতে হবে। জরুরি আবেদন কমিশনে এবং সাধারণ আবেদন স্থানীয় কার্যালয়ে দাখিলের বিধান রয়েছে।

বিধিমালা অনুযায়ী, জরুরি আবেদন নিষ্পত্তির সময়সীমা সাত দিন এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৩০ দিন। নবায়নের জন্য সাধারণ আবেদন ফি ১০০ টাকা এবং জরুরি আবেদন ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘এটা হচ্ছেই। কেউ চাইলে যখন-তখন নবায়ন করতে পারেন। আবেদন করে নতুন এনআইডি নিচ্ছেন, হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও নতুন কার্ড নেওয়া যাচ্ছে।’

বর্তমানে অনেকেই এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন কার্ডের জন্য আবেদন করেন। সেক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদনের ফি ২০০ টাকা ও জরুরি আবেদনের ফি ৩০০ টাকা। দ্বিতীয়বার সাধারণ আবেদনের জন্য ৩০০ টাকা ও জরুরি আবেদনের জন্য ৫০০ টাকা এবং পরবর্তী প্রতিবার সাধারণ আবেদন ৫০০ টাকা ও জরুরি আবেদন ১ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে।

এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, ‘বিষয়টি এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে। দেখা যাক কী হয়।’

নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা বলছেন, এনআইডির তথ্য হালনাগাদ ও পরিচয় যাচাই ব্যবস্থাকে আরও কার্যকর করতে বাধ্যতামূলক নবায়নের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।