https://www.emjanews.com/

16811

sylhet

প্রকাশিত

০১ জুলাই ২০২৬ ২১:১৩

সিলেট

সিলেট ওসমানী হাসপাতালে নার্সিং শিক্ষার্থী ও ওয়ার্ড বয়ের সংঘ.র্ষ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ ২১:১৩

ছবি: সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার জেরে ওয়ার্ড বয় ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) দুপুরে হাসপাতালের বহির্বিভাগ ভবনের নিচতলায় সার্জিক্যাল মাইনর অপারেশন থিয়েটারের (ওটি) ড্রেসিং রুমে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই দিন আগে ডিউটিরত অবস্থায় দুইজন নারী ইন্টার্ন নার্সকে হয়রানির অভিযোগ ওঠে আউটসোর্সিংয়ে নিয়োজিত ওয়ার্ড বয় জামাল ও অঞ্জনের বিরুদ্ধে। এই ইভটিজিংয়ের ঘটনার জেরে বুধবার দুপুরে ক্ষুব্ধ নার্সিং শিক্ষার্থীরা ড্রেসিং রুমে গিয়ে অভিযুক্তদের বিষয়ে জানতে চান। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন ড্রেসিং রুমের কাচ, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।

হামলায় আহত শিক্ষার্থীরা হলেন- সুরমা নার্সিং কলেজের তাহমিদ, আল-আমিন নার্সিং কলেজের রবিউল আউয়াল শুভ এবং ওয়েসিস নার্সিং ইনস্টিটিউটের প্রীতম রঞ্জন দাশ। তারা বর্তমানে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের স্টাফ নার্স জাহাঙ্গীর আলম। তিনি দাবি করেন, ২০-২৫ জন শিক্ষার্থী আচমকা এসে ওয়ার্ড বয়দের খুঁজতে থাকে এবং বাধা দিলে ধাক্কাধাক্কি শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাসপাতালের পরিবেশ স্থিতিশীল রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. মোহাম্মদ বদরুল আমিন জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।