https://www.emjanews.com/

16793

surplus

প্রকাশিত

৩০ জুন ২০২৬ ২২:৩৭

আপডেট

৩০ জুন ২০২৬ ২৩:১৫

অন্যান্য

সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে নতুন সুযোগ

প্রকাশ: ৩০ জুন ২০২৬ ২২:৩৭

ছবি: সংগৃহীত

সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা ‘রুখসা আমল’ ইস্যু ও নবায়ন নিয়ে বড় ধরনের সুযোগ দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ জুন) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লিখিত সুযোগের আওতায় যেসব প্রবাসী কর্মী নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও আইনি জটিলতায় ছিলেন, তারা এখন তাদের কর্মসংস্থানের বৈধতা নিশ্চিত করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই ধরনের প্রবাসী কর্মী এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। প্রথমত, যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। দ্বিতীয়ত, যেসব কর্মী নতুন যোগদান করেছেন কিংবা অন্য প্রতিষ্ঠানে বদলি (কাফালা) হওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট পাননি। সংশ্লিষ্ট কর্মীদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই তাদের ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, সৌদি আরবের শ্রমবাজারে আইন ও বিধিনিষেধ মেনে চলার সংস্কৃতিকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করাই এর মূল উদ্দেশ্য।

সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, যেহেতু অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতিপূর্বেই ওয়ার্ক পারমিট নবায়নের উদ্যোগ নিয়েছেন, তাই তাদের সুবিধার্থেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন করতে ব্যর্থ হলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সব প্রবাসী কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়েছে।