ছবি: আরিফুল হক চৌধুরী, এমপি।
সিলেট জেলার যোগাযোগ ব্যবস্থা ও প্রবাসী সেবায় বৈপ্লবিক পরিবর্তনের আভাস দিয়ে পর্যটন নগরী জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
বুধবার (১ জুন) সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। মন্ত্রী জানান, গোয়াইনঘাট ও জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর লক্ষ্যে চলতি মাসেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেট সফর করবেন। প্রাথমিক পরিদর্শনের পর শুরু হবে ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই। এই রুটটি চালু হলে পর্যটকদের যাতায়াতের পাশাপাশি ওয়াগনের মাধ্যমে পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী হবে।
প্রবাসীদের সুবিধার্থে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। ভিভিআইপি সেকশনের পাশেই এই চিকিৎসাকেন্দ্রটি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রবাস থেকে আসা মরদেহ পরিবহনের জন্য একটি ফ্রিজার ভ্যান এবং অসুস্থ প্রবাসীদের জন্য আগামী সপ্তাহে একটি নতুন অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক অর্ডার দেওয়া হয়েছে। প্রবাসীদের সম্মান জানাতে ভিআইপি লাউঞ্জের উপরে একটি বিশেষ বসার ব্যবস্থা করা হচ্ছে, যা আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে।’
আঞ্চলিক অবকাঠামো উন্নয়নের বিবরণ দিয়ে তিনি আরও জানান, কোম্পানীগঞ্জ, সালুটিকর, গোয়াইনঘাট ও হাদারপার এলাকায় যোগাযোগ সহজ করতে ৫টি বড় ব্রিজের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা আগামী মাসেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে ছয়জন অতিরিক্ত সার্ভেয়ার নিয়োগের মাধ্যমে কাজের গতি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া গোয়াইনঘাট পর্যন্ত রেলযোগাযোগ নিয়ে ইতোমধ্যে রেলওয়ে সচিব ও মহাপরিচালকের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি জানান।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, ক্লাবের সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাশ পুরকায়স্থসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
