ছবি: সংগৃহীত
সিলেটে সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিন ধরে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। চলমান এই পরিস্থিতিতে সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তলিয়ে গেছে নিম্নাঞ্চল। সিলেটবাসীর মনে এখন একটাই প্রশ্ন- এই বৃষ্টি আর কতদিন চলবে? জনজীবনে স্বস্তি ফেরাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নতুন বার্তা।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত আরও অন্তত দুই থেকে তিন দিন চলতে পারে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর জানায়, সিলেট বিভাগসহ দেশের আটটি বিভাগেই বিচ্ছিন্নভাবে অতিভারি বৃষ্টি হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারি) এবং কোনো কোনো জায়গায় ১৮৮ মিলিমিটারের চেয়েও বেশি (অতিভারি) বৃষ্টিপাত হতে পারে।
এদিকে ভারি বৃষ্টির ফলে ঢাকা ও চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একই সাথে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়বেষ্টিত এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে প্রশাসন।
সিলেটের নদ-নদীতে পানি বাড়তে থাকায় প্লাবিত এলাকাগুলোতে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে অনুরোধ জানানো হয়েছে।
