ছবি: সংগৃহীত
সিলেট বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বর্ষণের কারণে বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। একই সময়ে দেশের আরও তিন বিভাগেও ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
এ অবস্থায় সিলেট বিভাগের টিলা ও পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। অতিভারি বৃষ্টির কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে, টানা ভারি বর্ষণের ভয়াবহতা ইতোমধ্যেই দেখা গেছে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। রোববার দিবাগত রাতে কুতুপালং, জামতলী ও বালুখালী ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসে আটজন নিহত হয়েছেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানিয়েছেন, টানা বৃষ্টিপাতের কারণে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়েছে এবং সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, সিলেটেও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড়ঘেঁষা ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
