https://www.emjanews.com/

17166

sylhet

প্রকাশিত

১৭ জুলাই ২০২৬ ১৯:৫০

সিলেট

সিলেটে বন্যার আশঙ্কা কতটুকু, যা জানা গেলো

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ ১৯:৫০

সিলেট অঞ্চলে তাৎক্ষণিক বড় ধরনের বন্যার আশঙ্কা না থাকলেও পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়, এমনটাই জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত সংস্থাটির সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নদীটির পানি আরও কিছুটা বেড়েছে। অন্যদিকে সুরমা নদীর পানি সামান্য কমলেও আগামী তিন দিনের মধ্যে আবার বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। অর্থাৎ নতুন করে বড় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আপাতত কম, তবে পানি উচ্চ অবস্থানে থাকায় নিম্নাঞ্চলের দুর্ভোগ অব্যাহত থাকতে পারে।

এদিকে দেশের উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি বেড়েছে। রংপুর বিভাগের কয়েকটি জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে আবার বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানিও আগামী পাঁচ দিন পর্যন্ত বাড়তে পারে, যা কিছু এলাকায় সতর্কসীমার কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ দুর্বল হয়ে উড়িষ্যা, বিহার ও পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানির প্রবাহে পরিবর্তন হতে পারে।

সার্বিকভাবে, সিলেটে বড় আকারের নতুন বন্যা পরিস্থিতির আশঙ্কা কম থাকলেও নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।