হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি শাবিপ্রবির অধ্যাপক ড. মোজাম্মেল হক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ১৯:৫৭
ছবি: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি শাবিপ্রবির অধ্যাপক ড. মোজাম্মেল হক।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ড. মোজাম্মেল হককে চার বছরের জন্য হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ- যেটি আগে হবে, ততদিন তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে প্রয়োজনবোধে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। তিনি ২০২৪ সালের ১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদে নিয়োগ পেয়েছিলেন।
