বিউটি রানীর ভিডিও: তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত থেকে সরে এলো শিক্ষা প্রশাসন
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ২২:৫৫
ছবি: সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের আলোচিত ভিডিও নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা প্রশাসন। প্রাথমিকভাবে বিষয়টি তদন্তের আলোচনা হলেও শেষ পর্যন্ত এ ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করা হবে না বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
সোমবার (২৭ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা ভিডিওর বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে প্রতিমন্ত্রী মহোদয়ও বলেছেন, এ ঘটনায় তিনি অন্যায় কিছু দেখছেন না। আমরাও প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে ভিডিওতে কোনো অনিয়ম বা অন্যায় পাইনি। তাই এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের প্রয়োজন নেই।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের সঙ্গে রিল ভিডিও প্রকাশ করে একটি গোষ্ঠীর সমালোচনা ও ট্রলের মুখে পড়েন ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল। ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্যের পাশাপাশি তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।
তবে এ ঘটনায় দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বিউটি রানী পালের প্রতি সংহতি প্রকাশ করেন। অনেকেই একই ধরনের গানের সঙ্গে নিজেদের ভিডিও প্রকাশ করে তার প্রতি সমর্থন জানান এবং ট্রলের প্রতিবাদ করেন।
বিউটি রানী পাল ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের শরীরচর্চা, নাচ-গানের মাধ্যমে পাঠদান, বৃক্ষরোপণসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের ভিডিও নিয়মিত প্রকাশিত হয়।
গত ২৩ জুলাই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বাংলা গানের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাকে পরিপাটি পোশাকে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটাহাঁটি করতে দেখা যায়। এরপরই একটি গোষ্ঠী ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু করে।
এর আগে রোববার ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছিলেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
একই দিন সিলেট সফরে এসে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, তিনি ভিডিওটি দেখেননি। তবে ভিডিওতে কোনো অশ্লীলতা নেই বলে শুনেছেন। ‘গান গাওয়া বা এমন একটি ভিডিও প্রকাশ করাকে আমি অন্যায় মনে করি না,’ বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রীর ওই বক্তব্য এবং প্রাথমিক অনুসন্ধানে কোনো অনিয়মের প্রমাণ না পাওয়ায় শেষ পর্যন্ত বিউটি রানী পালের ভিডিও নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা প্রশাসন।
