ছবি: সংগৃহীত
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা সিলেটের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং পরবর্তীতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম নুরুল হককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে তার বাধ্যতামূলক অবসরের আদেশ দেয়। একই প্রজ্ঞাপনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন জেলা প্রশাসক (ডিসি)সহ আরও ৩১ জন কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা সর্বশেষ যুগ্ম সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। জনস্বার্থে সরকারি চাকরি আইন অনুযায়ী তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসর-সংক্রান্ত সব সুবিধা পাবেন।
প্রশাসনিক জীবনে এ জেড এম নুরুল হক সিলেটে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন তৎকালীন জেলা প্রশাসককে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সিলেটের প্রশাসনিক অঙ্গনের পরিচিত কর্মকর্তা এ জেড এম নুরুল হকের নামও রয়েছে।
