ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘন করে অবস্থান করার দায়ে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। দিল্লির সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফের ‘ফরেনার সেল’ পরিচালিত বিশেষ তল্লাশি অভিযান ‘অপারেশন ভিস্তা ১.০’ চলাকালে তাদের আটক করা হয়
আটককৃতদের বর্তমানে দিল্লির সেবা ধাম ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিভিন্ন হোটেল ও গেস্টহাউসে যাচাইকরণ কার্যক্রম চালায় পুলিশ। এসময় নবি করিম এলাকার আরাকাশান রোডের একটি হোটেল থেকে ওই ৬ বাংলাদেশিকে শনাক্ত করা হয়। তাদের পাসপোর্ট ও ভিসা পর্যালোচনায় দেখা যায়, তারা ‘ডাবল-এন্ট্রি’ ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। এই ভিসার শর্ত অনুযায়ী প্রতিবার ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিন থাকার অনুমতি থাকলেও তারা নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরও কোনো বৈধ অনুমোদন ছাড়াই দেশটিতে অবস্থান করছিলেন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মধ্য দিল্লির একটি হোটেলে অবস্থান করছিলেন। নথিপত্র যাচাইয়ের পর ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাদের বিরুদ্ধে ‘রেস্ট্রিকশন অর্ডার’ বা নিষেধাজ্ঞা আদেশ জারি করে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সরাই রোহিল্লার সেবা ধাম ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফের ইনচার্জ পরিদর্শক সন্দীপ যাদবের নেতৃত্বে এবং এসিপি পদম সিং রানার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। দিল্লিতে অবৈধভাবে অবস্থানরত বা ভিসার মেয়াদ শেষ হওয়া বিদেশি নাগরিকদের শনাক্ত করতে ভারত সরকারের এই কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।
