ছবি: সংগৃহীত
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য নির্ধারিত নতুন দরে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে গ্রাহকদের ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৫৯৮ টাকায়, যার পূর্বমূল্য ছিল ১ হাজার ৫২৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এলপিজির এই নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেটেইলার পয়েন্টে (খুচরা পর্যায়ে) মূসকসহ এই নতুন দাম কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।
বিইআরসি আরও জানিয়েছে, নতুন নির্ধারিত এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাজারে এই মূল্যই বহাল থাকবে। হঠাৎ করে সিলিন্ডার প্রতি ৭০ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপের সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
