সুরমা-কুশিয়ারায় পানি বাড়ছে, সিলেটে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ ২২:০৭
ছবি: সংগৃহীত
আগামী ৭২ ঘণ্টায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
রোববার (২ আগস্ট) প্রকাশিত বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। এই ধারা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন সিলেট বিভাগ ও এর উজানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে সুরমা-কুশিয়ারা অববাহিকার নদ-নদীর পানি আরও বাড়বে। ফলে সিলেটের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে।
তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারা নদীসংলগ্ন সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। এরপরও টানা বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
