https://www.emjanews.com/

17596

sylhet

প্রকাশিত

০৬ আগস্ট ২০২৬ ১৪:২৬

সিলেট

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ ১৪:২৬

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে। চলতি অর্থবছরের মধ্যেই সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের। তিনি বলেন, আগস্টের পর স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে বৈঠক করে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেট নগরের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে ইতোমধ্যে রায় হয়েছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা কার্যকর করা হবে।

সিলেট নগরীর পরিচ্ছন্নতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের অন্যান্য নগরের তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন। খাল খনন ও ডেঙ্গু প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নে সিলেট সিটি করপোরেশন ভালো কাজ করছে।

বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কে তিনি জানান, সিলেট সিটি করপোরেশন ও লাফার্জ সুরমা সিমেন্টের যৌথ উদ্যোগে ২০২৪ সালে একটি প্রকল্প চালু করা হয়, তবে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। এখন থেকে প্রকল্পটি পুরোপুরি চালু করা হবে। এই প্রকল্পের আওতায় সিলেট নগরের বর্জ্য প্রক্রিয়াজাত করে প্লাস্টিক অংশ লাফার্জ সুরমা সিমেন্ট কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। আর অবশিষ্ট বর্জ্য জৈব সারে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।