https://www.emjanews.com/

17706

weather

প্রকাশিত

১০ আগস্ট ২০২৬ ২১:০৬

আবহাওয়া

সিলেটে ভারি থেকে অতিভারি বর্ষণের আভাস

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ ২১:০৬

ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সিলেট অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে পাহাড়ি এলাকা ও নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে সিলেটের জন্য আলাদা কোনো সতর্কতা জারি করা হয়নি।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, ১০০ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তাপমাত্রায়ও সামান্য পরিবর্তন হতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির কারণে জনজীবনে সাময়িক ভোগান্তি তৈরি হতে পারে।