সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশাচালক শাহাব উদ্দিন হত্যার ঘটনায় বাবা ও তাঁর চার ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) নিহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা হলেন কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে মুজন আলী (৫৫) এবং তাঁর চার ছেলে জাকারিয়া (৩০), ইয়াহিয়া (২৫), শাহরিয়া (২২) ও কিবরিয়া (১৯)। মামলায় প্রধান আসামী করা হয়েছে মুজন আলীকে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, অটোরিকশার সিরিয়াল নিয়ে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় ৭ জনকে আসামী করা হয়েছে। তার মধ্যে আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে শাহাব উদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মতরিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কানাইঘাটের সুরইঘাট এলাকায় অটোরিকশার সিরিয়াল নিয়ে শাহাব উদ্দিনের সঙ্গে আরেক চালকের বিরোধ হয়। মঙ্গলবার সকালে এ নিয়ে আবারও বাগ্বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাতে খুন করা হয়।
