https://www.emjanews.com/

17746

sylhet

প্রকাশিত

১২ আগস্ট ২০২৬ ১৭:১৬

সিলেট

সিলেটসহ বিভিন্ন স্থানের ২৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ১৭:১৬

সিলেটের একজনসহ পুলিশের ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্‌দাছ্‌ছের হোসেনকে রাজশাহী সারদা বিপিএতে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবিতে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিরুল ইসলামকে কুষ্টিয়ায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে এবং ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনায় পদায়ন করা হয়েছে।

এছাড়া আরও দুটি প্রজ্ঞাপনে ডিআইজি, উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে বলে জানানো হয়েছে।