সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু তাসমিন (৬ মাস) ও তামিম (৯ মাস)।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৩২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১১৫ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ৬ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা গেছে, বাকিরা উপসর্গভিত্তিক সন্দেহভাজন হিসেবে বিবেচিত।
এদিকে, রোববার (১৬ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়ে ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮০৯ জন উপসর্গ নিয়ে এবং ৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
