ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মোট ১২ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। একইসাথে একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া র্যাবে অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে, ডিএমপিতে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে আরিফা আশরাফ পিংকিকে এবং বান্দরবানের সদর সার্কেলে শাহিদুল ইসলামকে পদায়ন করা হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলের দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার পর্যায়ে র্যাবের চার কর্মকর্তাকে বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে। এর মধ্যে মো. মাহফুজুর রহমানকে রাঙ্গামাটির বাঘাইছড়ি সার্কেলে, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে পাঠানো হয়েছে।
এছাড়া মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ এবং মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।
পৃথক আদেশে নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ৩০ আগস্ট থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
তবে সংযুক্ত হওয়া কর্মকর্তা খন্দকার রবিউল আরাফাতকে ২২ আগস্টের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে, অন্যথায় ২৩ আগস্ট থেকে তিনি অবমুক্ত বলে গণ্য হবেন।
