ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল না হলেও নতুন করে আরও দুই সংসদ সদস্যকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
সরকারের উচ্চপর্যায়ের সূত্রের বরাতে জানা গেছে, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী ২০ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। এরপর নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাঁর কাছ থেকেই মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন তাঁরা। রাষ্ট্রপতি নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে শপথ নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী ২১ বা ২২ আগস্ট নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠান হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাচিং প্রু জেরী। বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া পাহাড়ি এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতার দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, এর মাধ্যমে পার্বত্য অঞ্চলের স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের বিষয়টি সরকারের নীতিনির্ধারণে আরও গুরুত্ব পেতে পারে।
অন্যদিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছিল। এবার তাঁর নিয়োগও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট সূত্র।
তবে নতুন দুই সদস্য মন্ত্রিসভায় যুক্ত হলে দায়িত্ব পুনর্বণ্টন বা অন্য কোনো মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
