শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা সিলেটে ৩ খু/ন: রিমান্ড শেষে আদালতে বাবুল, দিবেন ১৬৪ ধারায় জবানবন্দী সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পি/স্তল-গু/লি হবিগঞ্জের সাতছড়ি-রেমায় গাছ লু/টের ‘মাস্টারমাইন্ড’ কারা? গোপন নথিতে সরকারি দলের নেতাকর্মীসহ ৬২ জনের নাম সিলেটে হাম উপসর্গে আরও এক মৃ/ত্যু, ভর্তি ১০৮ সামাজিক নিরাপত্তা ভাতা: অনলাইন আবেদনের সময় বাড়ল শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের বার্তা লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নি/হ/ত ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকা ট্র্যাজেডি: সুনামগঞ্জের ৩ যুবক নিখোঁজ সিলেটে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিসকে জরিমানা

https://www.emjanews.com/

17943

national

প্রকাশিত

২০ আগস্ট ২০২৬ ১৭:১৭

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ ১৭:১৭

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ সাড়ে তিন দশক পর জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবন কক্ষে দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। নির্বাচনে সংসদ সদস্যরা নিজ নিজ দলের মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করেন।

এ নির্বাচনে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

ভোটগ্রহণে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সংসদ সদস্যরা। অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারেননি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনা শেষে সংসদ ভবনেই বেসরকারিভাবে ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে গেজেট প্রকাশের পর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর দীর্ঘ সময় রাষ্ট্রপতি পদে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

সংসদের মোট ৩০০ আসনের মধ্যে একটি আসন শূন্য রয়েছে। সংরক্ষিত ৫০টি নারী আসনসহ মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগের যোগ্য ছিলেন।

সংসদে দলীয় অবস্থান অনুযায়ী বিএনপির ২৪৭ জন, জামায়াতের ৭৭ জন, স্বতন্ত্র ৮ জন, জাতীয় নাগরিক পার্টির ৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন, বাংলাদেশ জাতীয় পার্টির ১ জন, গণসংহতি আন্দোলনের ১ জন, গণপরিষদের ১ জন, খেলাফত মজলিসের ১ জন এবং জাগপার ১ জন সংসদ সদস্য রয়েছেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট প্রদান করলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদ বাতিল হওয়ার বিধান রয়েছে।

উল্লেখ্য, ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো: সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।