ছবি: সংগৃহীত
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। মাঠপর্যায়ের নানা কারিগরি সমস্যার কথা বিবেচনা করে আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে ও চা-শ্রমিকদের ভাতা ও উপবৃত্তির জন্য আবেদনের পূর্বনির্ধারিত সময় ছিল ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত। তবে সফটওয়্যার জটিলতা, ইন্টারনেটের ধীরগতি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক যোগ্য আবেদনকারী সময়মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। এমন বাস্তবতায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
আগ্রহী ব্যক্তিদের এখন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট (dss.bhata.gov.bd/online-application)-এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। তবে সময় বাড়লেও আবেদনের অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি ও নিয়ম অপরিবর্তিত থাকবে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা কার্যালয়গুলোকে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সামাজিক সুরক্ষার আওতায় থাকা প্রান্তিক জনগোষ্ঠীর যেন কোনোভাবেই আবেদনের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টিও গুরুত্বের সাথে নিশ্চিত করতে বলা হয়েছে।
