https://www.emjanews.com/

18405

economics

প্রকাশিত

০৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৬

অর্থনীতি

বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা বা ডলার কোটার সীমা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে বিদেশে যেতে পারবেন। এর আগে এই বার্ষিক সীমা ছিল ১২ হাজার ডলার।

রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার ও ব্যাংকগুলোকে অবহিত করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণ চাহিদা এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনা করে এই ব্যয়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নগদ ডলার বহনের ক্ষেত্রে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৮ হাজার ডলারের বার্ষিক কোটা থাকলেও একজন নাগরিক বছরে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ আকারে সাথে রাখতে পারবেন। বাকি অর্থ কার্ড বা অন্যান্য বৈধ মাধ্যমে নিতে হবে। এর বেশি বৈদেশিক মুদ্রা কোনোভাবেই নগদ আকারে ছাড় করা যাবে না।

এদিকে শিশুদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার ঠিক অর্ধেক বা ৫০ শতাংশ থাকবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারিকৃত আগের সার্কুলার অনুযায়ী এই সীমা ছিল ১২ হাজার ডলার।

নতুন এই নির্দেশনার ফলে পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে বিদেশগামীদের বৈদেশিক মুদ্রার সংকট লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বিদেশ ভ্রমণের অন্যান্য সব সাধারণ নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও সার্কুলারে জানানো হয়েছে।