https://www.emjanews.com/

19905

tourism

প্রকাশিত

২৪ অক্টোবর ২০২৬ ১৮:১১

পর্যটন

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সতর্কবার্তা, চিরতরে বন্ধ হতে পারে ভ্রমণের সুযোগ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৮:১১

ছবি: সংগৃহীত

কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচনা করার ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।

পোস্টে দূতাবাস জানায়, কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে তাঁর যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। এ ছাড়া তাঁকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।

দূতাবাসের এ বার্তায় ভিসাধারীদের গ্রেপ্তারের সম্ভাব্য অভিবাসনগত পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশ বা অবস্থানের সুযোগ সব পরিস্থিতিতে নিশ্চিত হয় না। ব্যক্তির পরিস্থিতি ও প্রযোজ্য আইন অনুযায়ী ভিসার বৈধতা এবং দেশটিতে অবস্থানের যোগ্যতা প্রভাবিত হতে পারে।

এর আগে অন্য একটি ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে তথ্য দিয়েছিল মার্কিন দূতাবাস।

সেখানে বলা হয়, এ ধরনের ভিসায় পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা-সম্মেলনে অংশ নেওয়ার মতো উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া যায়।

বি১/বি২ ভিসা মূলত স্বল্পমেয়াদি ব্যবসায়িক সফর, পর্যটনসহ নির্দিষ্ট কিছু অস্থায়ী ভ্রমণের জন্য দেওয়া হয়। তবে এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সাধারণ চাকরি বা অনুমোদনহীন কর্মসংস্থানে যুক্ত হওয়ার সুযোগ নেই। ভ্রমণের উদ্দেশ্য ও ভিসার শর্ত অনুযায়ী এর ব্যবহার নির্ধারিত হয়।