সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর স্ত্রী-সন্তানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০১
ছবি: সংগৃহীত
কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারের অভিযোগে জাতীয় সংসদের সাবেক স্পিকার মরহুম হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে (মোহাম্মদপুর আমলী আদালত) ডেমরার বাসিন্দা মোহাম্মদ মমিনুল হক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- মরহুম হুমায়ূন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন রশীদ চৌধুরী, ছেলে নোমান রশীদ চৌধুরী, পুত্রবধূ সাদিয়া বিলকিস চৌধুরী এবং নাতি মাসুন নোমান রশীদ চৌধুরী ও মিনাল নোমান রশীদ চৌধুরী। আসামিরা সবাই রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাদীর ছোট ভাই মো. মাসুদুল হককে অল্প খরচে কানাডায় পাঠানোর আশ্বাস দেন নোমান রশীদ চৌধুরী। পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়াকরণের নামে কয়েক দফায় বাদীর কাছ থেকে মোট ৪ লাখ টাকা নগদ গ্রহণ করে মানি রসিদ প্রদান করেন আসামিরা।
অভিযোগ রয়েছে, বৈধ পন্থার পরিবর্তে জাল মালয়েশিয়ান পাসপোর্টের মাধ্যমে মাসুদুল হককে হংকং হয়ে কানাডায় পাঠানোর চেষ্টা করা হয়। ফলে হংকং ইমিগ্রেশনে তিনি আটক হন এবং দীর্ঘ ৪ মাস কারাদণ্ড ভোগ করেন। পরবর্তীতে সরকারি সহায়তায় নিজ খরচে ছোট ভাইকে দেশে ফিরিয়ে আনেন বাদী।
ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করেন, ক্ষতিপূরণ ও অর্থ ফেরত চাইলে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই পরিবারটি তাদের ওপর বিভিন্ন শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেয়। রাজনৈতিক বৈরী পরিস্থিতির কারণে এতদিন আইনি ব্যবস্থা নিতে পারেননি বলে বাদী জানান। সম্প্রতি গত ২৯ জুলাই পুনরায় টাকা ফেরত চাইতে গেলে আসামিরা ঐক্যবদ্ধভাবে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আবুল কালাম খান। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী আইনানুগ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
